বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়েছে ১৫ রোগীর। শুক্রবার (৩০ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চক্ষু হাসপাতালে তাদের অপারেশন সম্পন্ন হয়। এর মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার নতুন আশায় বুক বেঁধেছেন রোগীরা।
জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সার্বিক ব্যবস্থাপনায় এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাও সংগঠনের দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানুষের জন্য কিছু করার প্রত্যয় থেকেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ জন রোগীর অপারেশন সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের সবচেয়ে বড় সার্থকতা।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসা উচিত। মানুষের পাশে দাঁড়াতে বড় আয়োজনের প্রয়োজন নেই; আন্তরিকতা থাকলে ছোট উদ্যোগেও অনেক মানুষের উপকার করা সম্ভব।
সংশ্লিষ্টরা জানান, চোখ মানুষের অমূল্য সম্পদ। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের নিয়মিত চোখ পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে চোখের সমস্যা নিয়ে কুসংস্কার কিংবা অনভিজ্ঞ ব্যক্তির পরামর্শে চিকিৎসা গ্রহণ না করে সময়মতো সঠিক চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়সংলগ্ন স্বপ্নীল কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি চশমা বিতরণ করা হয়। ওই ক্যাম্পে চক্ষু পরীক্ষার পর ছানি অপারেশনের জন্য ১৫ জন রোগীকে বাছাই করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মো. জলিল, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব লিটন আহমেদ, পৌর যুবদল নেতা মো. মুকুল হোসেন, যুবনেতা মোহাম্মদ আসিফ, বাসির, পান্না বিশ্বাস, বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা জুয়েল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।


