চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার এক হাজার কিট সরবরাহ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের উদ্যোগে এসব কিট দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ৫০ শয্যা বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বীর হাতে এসব কিট তুলে দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস ও মেডিকেল অফিসার আজিজুল হক সুইটসহ অন্যরা।
বিএনপি নেতারা বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে পরীক্ষা করাতে আসছেন রোগীরা। কিন্তু পর্যাপ্ত কিট না থাকায় পরীক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে রোগীদের সেবা নিশ্চিত করতে ড. সাইমুম পারভেজের উদ্যোগে এক হাজার ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে।
ডা. ফজলে রাব্বী বলেন, এসব কিট পাওয়ায় রোগীদের সেবা দিতে সুবিধা হবে। উন্নতমানের কিটগুলো দিয়ে নির্বিঘ্নে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি।


