আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পোস্টটিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তবিউল ইসলাম তারিফকে দেখতে চাওয়ার দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে পোস্টটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ওই পোস্টে বলা হয়েছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে একজন সাহসী ও রাজপথে লড়াকু নেতাকে দেখতে চান দলের নেতাকর্মীরা। সেখানে তবিউল ইসলাম তারিফকে সাবেক ছাত্রনেতা, সাবেক জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সফল সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক ও তৃণমূল থেকে উঠে আসা এক অকুতোভয় রাজনীতিবিদ হিসেবেও বর্ণনা করা হয়েছে।
পোস্টে আরও দাবি করা হয়েছে, স্বৈরাচারী সরকারের আমলে তিনি রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেও তিনি দলের প্রতি অবিচল থেকেছেন। তাই আগামী কাউন্সিলে তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান অনেক নেতাকর্মী—এমন প্রত্যাশার কথাও সেখানে তুলে ধরা হয়েছে।
এদিকে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই পোস্টটির পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ কেউ এটিকে কাউন্সিলকে ঘিরে আগাম রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্ট সম্পর্কে তার জানা নেই এবং তার চোখেও এখনো পড়েনি। তবে তিনি বলেন, প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে। যে কেউ যে কোনো পদে প্রার্থী হতে পারেন। আর কাউন্সিলের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত আমাকে কোনো ধরনের চিঠি দেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাউন্সিলকে সামনে রেখে বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ ধরনের আলোচনা ও প্রচারণা রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক বিষয়। কাউন্সিল যত ঘনিয়ে আসবে, ততই এ ধরনের আলোচনা আরও বাড়তে পারে।


