প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার আটরশিয়া উচ্চ বিদ্যালয় এবং মারকাজুল উলুম এরফানিয়া সালাফিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহা. সাইফুল ইসলাম হীরক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম রেজা বাবুল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পরিবেশ সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫