চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কানসাট আমবাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কানসাটের গোপালনগর মোড় এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি আমবাজার এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনাও অপসারণ করা হয়। এ সময় নিয়ম লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আমেরহাট সড়কের বিভিন্ন স্থানে অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছিল। জনস্বার্থ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। সরকারি জায়গা কিংবা সড়ক অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমবাজার ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিভাগীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানান ইউএনও। তিনি বলেন, আম ব্যবসায়ী, আড়তদার ও বাজারসংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করে সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলক, ইপি সদস্য সাইদুর রহমান মিন্টু।
এ সময় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।